ইন্দো প্যাসিফিক অঞ্চলে জাহাজে তল্লাশি চালিয়েছে মার্কিন বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৪১ পিএম, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ | ৬১

পেন্টাগন জানিয়েছে, ইন্দো প্যাসিফিক অঞ্চলে অবৈধ নেটওয়ার্ক ভেঙে দিতে অভিযানের অংশ হিসেবে মার্কিন বাহিনী একটি তেলবাহী জাহাজে উঠে তল্লাশি চালিয়েছে। তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়েছে রাতে এবং কোনো ধরনের সংঘর্ষ ছাড়াই এটি সম্পন্ন হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ জানায়, তারা রাইট অব ভিজিট, অর্থাৎ, আন্তর্জাতিক আইনের অধীনে কোনো দেশের অধীনে না থাকা ও নিষেধাজ্ঞাভুক্ত এমটি টিফানি নামের জাহাজকে সমুদ্রে থামিয়েছে এবং এরপর কোনো সংঘর্ষ ছাড়াই তাতে তল্লাশি চালিয়েছে।

এই অভিযানের কিছু ছবি ও ভিডিও শেয়ার করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ।

তারা বলেছে, ইরানকে সহায়তা দেওয়া নিষিদ্ধ জাহাজ ও অবৈধ নেটওয়ার্কের বিরুদ্ধে বিশ্বজুড়ে সামুদ্রিক নজরদারি রাখা হবে ও অভিযান অব্যাহত রাখা হবে – সে তারা যেখানেই কার্যক্রম চালাক না কেন।

এদিকে ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে চান না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই সপ্তাহের এই যুদ্ধবিরতির সময়সীমা আগামীকাল বুধবার (২২ এপ্রিল) শেষ হওয়ার কথা রয়েছে।

সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমাদের হাতে তেমন সময় নেই। ইরান যদি একটি চুক্তিতে পৌঁছায়, তাহলে তারা নিজেদের জন্য খুব ভালো অবস্থান তৈরি করতে পারবে।’ একই সঙ্গে তিনি দাবি করেন, আলোচনায় বসা ছাড়া ইরানি কর্মকর্তাদের ‘কোনো বিকল্প নেই’।