হরমুজ খোলার ঘোষণায় তেলের দাম কমেছে ১৩ শতাংশ
হরমুজ প্রণালি সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত বলে ঘোষণা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। অন্যদিকে ইরান আর কখনোই এ প্রণালি বন্ধ না করার বিষয়ে একমত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ খবরের পর আজ শুক্রবার তেলের দাম প্রায় ১৩ শতাংশ কমেছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হরমুজ প্রণালি খোলার ঘোষণার পর ব্রেন্ট ক্রুডের দাম ১২.৮৭ ডলার বা ১২ দশমিক ৯৫ শতাংশ কমে ব্যারেল প্রতি ৮৬ দশমিক ৫২ ডলারে নেমে এসেছে। অন্যদিকে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম সাড়ে ১৩ ডলার বা ১৪ দশমিক ২৬ শতাংশ কমে ব্যারেল প্রতি ৮১ দশমিক ১৯ ডলারে দাঁড়িয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও আজ ঊর্ধ্বগতি দেখা গেছে। ডাও জোন্স সূচক ৭৪৫ পয়েন্ট বা ১ দশমিক ৫৪ শতাংশ, এসঅ্যান্ডপি ৫০০ সূচক শূন্য দশমিক ৯ শতাংশ ও নাসডাক সূচক ১ শতাংশ বেড়েছে।
সংবাদ মাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ৩০ মার্চের সর্বনিম্ন অবস্থান থেকে এসঅ্যান্ডপি ৫০০ সূচক ১১ শতাংশের এর বেশি বেড়েছে।
ইউবিএস বিশ্লেষক জিওভানি স্টাউনোভো বলেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য নির্দেশ করে, যতক্ষণ যুদ্ধবিরতি কার্যকর থাকবে ততক্ষণ উত্তেজনা কম থাকবে। এখন আমাদের দেখতে হবে এ প্রণালি দিয়ে চলাচলকারী ট্যাঙ্কারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় কি না।
