শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: রণধীর জয়সোয়াল

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৯:৪০ পিএম, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ | ৫৭

রণধীর জয়সোয়াল বলেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ চলমান বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে দেখা হচ্ছে। আমরা এ বিষয়ে সব অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে আলোচনা চালিয়ে যাব।

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত। আজ শুক্রবার দিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দিল্লি সফরে করা অনুরোধ ও বাংলাদেশের সংসদে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা সংক্রান্ত অধ্যাদেশ আইনে পরিণত করার বিষয়ে প্রশ্ন করেন হিন্দুস্তান টাইমসের এক সাংবাদিক।

জবাবে রণধীর জয়সোয়াল বলেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ চলমান বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে দেখা হচ্ছে। আমরা এ বিষয়ে সব অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে আলোচনা চালিয়ে যাব।

আর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নিয়ে তিনি বলেন, আমরা সব ঘটনা খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।

এ সময় জয়সোয়াল আরো বলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরে দেশটির নতুন সরকারের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত হওয়ার এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করার বিষয়ে ভারতের ইচ্ছার কথা পুনর্ব্যক্ত করা হয়। প্রাসঙ্গিক দ্বিপক্ষীয় কাঠামোর (মেকানিজম) মাধ্যমে অংশীদারত্ব আরো গভীর করার প্রস্তাবগুলো খতিয়ে দেখতে উভয় পক্ষ সম্মত হয়েছে। খুব শিগগির পরবর্তী আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।

প্রতিবেশী দেশগুলোয় জ্বালানি সরবরাহ নিয়ে প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, বেশ কয়েকটি প্রতিবেশী দেশ জ্বালানি সরবরাহের অনুরোধ জানিয়েছে। ভারত নিজেদের প্রয়োজনীয়তা ও মজুতের পরিমাণ বিবেচনায় রেখে প্রতিবেশী দেশগুলোকে জ্বালানি সরবরাহ করছে।

এ সময় বাংলাদেশে গত মার্চ মাসে ২২ হাজার টন ডিজেল সরবরাহ করা হয়েছে বলেও জানান তিনি। সেই সঙ্গে এ মাসেও ডিজেল সরবরাহ অব্যাহত রয়েছে বলে জানান।

সুত্র:বণিক বার্তা অনলাইন