টাঙ্গাইলে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:০০ পিএম, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ | ৬৫
টাঙ্গাইলে সাধারণ শিক্ষা বোর্ডের রুটিন অনুসারে বাংলা প্রথম পত্রের লিখিত পরীক্ষার মাধ্যমে শুরু হল এসএসসি ও সমমানের পরীক্ষা।
 
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১১ টায় বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে আসেন জেলা প্রশাসক শরীফা হক। তিনি কেন্দ্রের বিভিন্ন রুম ঘুরে দেখেন। পরে বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন।  
 
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোসাঃ লায়লা আঞ্জুমান বানু, জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিক ইসলাম সহ বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রের সচিব জাহানারা তরফদার। 
 
এই পরীক্ষা শেষ হবে আগামী ২০ মে । এরপর ব্যবহারিক পরীক্ষা হবে ৭ থেকে ১৪ জুনের মধ্যে। টাঙ্গাইল জেলার এসএসসি/দাখিল/এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা-২০২৬ এর তথ্য অনুযায়ী পরীক্ষার্থী ৪৬,৬০১জন ছাত্র-ছাত্রী, স্বতন্ত্র কেন্দ্রের সংখ্যা-৭৯ টি। 
 
টাঙ্গাইল জেলার ১২ টি উপজেলায় পরীক্ষা কেন্দ্র/সাব সেন্টারে পরীক্ষা চলাকালীন সময়ে ৩৭ জন ম্যাজিস্ট্রেট সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে।  প্রথম দিন অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরীক্ষা শেষ হয়। কেন্দ্রের বাইরে পরীক্ষার্থীর অভিভাবকদের অপেক্ষা করতে দেখা যায়।