ড. কামাল হোসেনরা সরকার পতনের অপচেষ্টায় লিপ্ত- আনিসুল হক

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৬:৪৫ পিএম, শুক্রবার, ১০ আগস্ট ২০১৮ | ৬৭০

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ড. কামাল হোসেনরা মার্কিন যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়ে সরকার পতনের অপচেষ্টায় লিপ্ত। এর অংশ হিসেবে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতকে নিয়ে কামাল হোসেনরা একটি সভাও করেছেন।

শুক্রবার (১০ আগস্ট) বেলা ১১টা দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া উচ্চ বিদ্যালয় মাঠে মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এসময় মন্ত্রী বলেন, স্কুলছাত্রদের ঘটনায় সরকার সব দাবি মেনে নেয়ার পরও তারা ষড়যন্ত্র করেছে সরকার পতনের। আমার মোবাইলে এসএমএস দিয়ে বলা হয়েছে- ক্ষমতা তো গেলো, বেরুবেন কোন দিক দিয়ে! আমাদের ভয় দেখিয়ে লাভ নেই। আমরা ছোট মন নিয়ে রাজনীতি করি না। আমরা জনগণকে নিয়ে রাজনীতি করি, আমাদের মন বিশাল। আমাদের ভয় দেখাতে আসবেন না। ড. কামাল হোসেনরা এসকে সিনহাকে নিয়ে জুডিশিয়ালি ক্যু'র চেষ্টা করেছিলেন। সেই চেষ্টা নস্যাৎ করা হয়েছে।