সুইডেনে প্রদর্শিত হবে ‘অন্তর জ্বালা’ সিনেমা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯:৪১ এএম, বুধবার, ১১ এপ্রিল ২০১৮ | ১১৩৭

দেশের মানুষের মন জয় করে এবার সুইডেনে প্রদর্শিত হবে জায়েদ খান ও পরীমনি অভিনীত সিনেমা ‘অন্তর জ্বালা’। ‘আমরা কজনা’ নামে একটি বাংলাদেশের সংগঠন রাজধানী স্টকহোমের হালুমদা ফলকেট হাউজে ছবিটি প্রদর্শনের ব্যবস্থা করেছে। পহেলা বৈশাখ উদযাপনের বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে ‘অন্তর জ্বালা’র প্রদর্শনী।

গত ১৫ ডিসেম্বর দেশব্যাপী মুক্তি পায় মালেক আফসারী পরিচালিত সিনেমা ‘অন্তর জ্বালা’। গণমাধ্যমকে জায়েদ খান জানান, ছবিটি সুইডেনে মুক্তি পেতে যাচ্ছে, নিঃসন্দেহে খবরটি ভীষণ আনন্দের। আগামীতে আমেরিকা, সিডনি ও ইতালিতেও ‘অন্তর জ্বালা’ মুক্তির প্রক্রিয়া চলছে।

‘অন্তর জ্বালা’ ছবিটির পরিবেশক নায়ক মান্নার প্রযোজনা সংস্থা কৃতাঞ্জলি কথাচিত্র। জায়েদ-পরী ছাড়াও এতে অভিনয় করেছেন জয় চৌধুরী, মৌমিতা, চিকন আলী, বদ্দা মিঠু, মিজু আহমেদ, অমিত হাসান প্রমুখ।