টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ওয়ালটনকর্মী নিহত

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৪:৫৪ পিএম, রোববার, ১১ ফেব্রুয়ারী ২০১৮ | ৭৬৫

টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় আশিক মাহমুদ (২১) নামের এক ওয়ালটনের বিপণনকর্মী নিহত হয়েছেন।

রবিবার দুপুরে উপজেলার কচুয়া ছাবেদের চালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আশিক মাহমুদ উপজেলার কালিয়া ইউনিয়নের মাচিয়া গ্রামের আবু হানিফ মিয়ার ছেলে। সে উপজেলার বড়চওনা বাজারের ওয়ালটন শোরুমে বিপণনকর্মী হিসেবে কাজ করতো।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত আশিক মাহমুদ মোটরসাইকেল চালিয়ে সখীপুর পৌর এলাকায আসার পথে দুপুরে উপজেলার কচুয়া ছাবেদের চালা এলাকায় পৌঁছলে বিপরীত থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হন।

স্থানীয় ইউপি সদস্য কিসমত আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।