টাঙ্গাইলে দেশীয় চোলাই মদসহ ২ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫৪ পিএম, রোববার, ১৭ এপ্রিল ২০২২ | ৫৯৬

টাঙ্গাইল পৌর শহরে ২১০ লিটার দেশীয় চোলাই মদসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। রোববার ভোরে পৌর শহরের কলেজ পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন শহরের আদালত পাড়া এলাকার মৃত এনায়েত খানের ছেলে সাগর খান (৪৫), সদর উপজেলার সদুল্লাপুর গ্রামের মৃত আঃ আজিজের ছেলে বাহাদুর (৪৫)। এসময় ২১০ লিটার দেশীয় চোলাই মদসহ তাদের হাতেনাতে আটক করে।

র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যেমে জানান, আটককৃতরা বহুদিন ধরে মাদকদ্রব্য দেশীয় চোলাই মদ অবৈধভাবে সংগ্রহ করে সদর থানা এলাকাসহ বিভিন্ন থানা এলাকায় বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী বিক্রি করে আসছিলো। তাদের বিরুদ্ধে সদর থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।